logo

১০ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল বিডব্লিউওটি

১০ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল বিডব্লিউওটি
আগামী ১০ দিন দেশের ওপর বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই। ছবি: ইন্ডিয়া টিভি নিউজ

অক্টোবর মাসের ১৭ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত পুরো সময়জুড়ে দেশের ওপর বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই। এ সময়ে অধিকাংশ অঞ্চলে দিনে ভ্যাপসা গরম পড়তে পারে। একই সঙ্গে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে রাতের দিকে হালকা শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় আগামী ১০ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।

বিডব্লিউওটি জানিয়েছে, ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আকাশে ছোট ছোট মেঘের খণ্ড থাকতে পারে। এই ধরনের মেঘের খণ্ডের ঘনত্ব দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা বেশি থাকতে পারে। ২১ অক্টোবর থেকে আকাশ অনেকটা মেঘমুক্ত থাকতে পারে। আগামী ১৭ ও ১৮ অক্টোবর দেশের কয়েকটি জায়গায় আকস্মিক ও সল্পস্থায়ীভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কক্সবাজার ও বান্দরবান জেলায় মাঝেমধ্যে বৃষ্টি থাকতে পারে। এ সময় আকাশে সূর্য উজ্জ্বল থাকবে এবং অধিকাংশ এলাকায় প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যাবে।

এই সময়ের ভেতরে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। ঢাকা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনে ভ্যাপসা গরম পড়তে পারে। তবে রাতে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে হালকা শীতল আবহাওয়া অনুভূত হবে।

সংস্থাটি জানায়, আগামী ২৬ তারিখ পর্যন্ত দেশে বড় ধরনের বৃষ্টি বলয়ের সম্ভাবনা নেই। দেশের মধ্য ও উত্তর অঞ্চলের নদী অববাহিকায় গভীর রাত থেকে ভোরে মাঝারি কিছু এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। এই ১০ দিনে অধিকাংশ সময় উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। অন্তত ২৪ তারিখ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সিস্টেম তৈরির সম্ভাবনা নেই। ২৪ তারিখের পর সাগরে সিস্টেম তৈরির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এই সময়ে দেশের কোথাও বন্যার শঙ্কা নেই।

এই ১০ দিনে দেশের প্রায় সব এলাকায় স্বাভাবিক খরা চলতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই কালবৈশাখী, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড়ধসের। সূর্য বা চন্দ্রগ্রহণেরও কোনো শঙ্কা নেই। কোনো এলাকায় বৃষ্টি হলে সেখানে বজ্রপাতের শঙ্কা রয়েছে। এই সময় কৃষকদরকে নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি আরও জানায়, এই ১০ দিন দেশের আবহাওয়া অনেকটা স্বাভাবিক থাকায় যাদের রোদে কাজ করা প্রয়োজন, তারা করতে পারবেন। তবে কৃষকদের জমিতে নিয়মিত পানি সেচ দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এই সময় পর্যটকরা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন।