তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় আরও বিস্তার লাভ করতে পারে। তবে পরবর্তী সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার (৯ জুন) দেওয়া নিয়মিত আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া একই সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এই বায়ু আগামী তিন-চার দিনের মধ্যে আরও অগ্রসর হয়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এ অবস্থায় বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
একই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। আর কমতে পারে তাপমাত্রা।


