ঢাকা শহরসহ যেসব জেলায় শক্তিশালী কালবৈশাখীর শঙ্কা

ঢাকা শহরসহ দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলা এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানানো হয়।
তিনি লিখেছেন, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে শুক্রবার সকাল ৮টার দিকে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখ অতিক্রম করছে। এ ঝড়টি সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা শহরসহ দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলা এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলার ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
বিভিন্ন বিভাগের ওপর দিয়ে ঝড়টি অতিক্রমের সম্ভাব্য সময়
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮টা) রংপুর বিভাগের নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী অতিক্রম করছে। সকাল ১১টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮টা) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী রাজশাহী বিভাগে প্রবেশ শুরু করতে যাচ্ছে। সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮টা) ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলায় তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে সকাল ১১টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮টা) সিলেট বিভাগে সুনামগঞ্জ ও সিলেট জেলায় তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে সকাল ১১টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: সকাল ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও ঢাকা জেলা ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরের উত্তর দিকের এলাকাগুলোর ওপর দিয়ে সকাল ১১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের দক্ষিণ দিকের বিভিন্ন জেলার ওপর দিয়ে দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ জেলায় সকাল ১১টার পর থেকে বিকেল ৩টার মধ্যে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করতে পারে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
