আবারও লঘুচাপের আশঙ্কা, সতর্কতা

সম্ভাব্য একটি লঘুচাপের প্রভাবে আগামী ২৬ থেকে ২৯ জুলাই উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
শুক্রবার (২৪ জুলাই) সংস্থাটির ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, এ সময় সাগর উত্তাল থাকার পাশাপাশি সাগরে অনেক এলাকায় ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানভেদে বাতাসের বেগ সাময়িকভাবে আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এর প্রভাবে গভীর সাগরে মাছ ধরার নৌকা, ট্রলার এবং অন্যান্য ছোট জলযানের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এ সময় অপ্রয়োজনীয়ভাবে গভীর সাগরে যাত্রা এড়িয়ে চলার এবং সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার অনুরোধ করা হয়।
সিস্টেমটির গতিপ্রকৃতি ও শক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেটে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।
.png)





