Advertisement

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি

এশিয়া পোস্ট নিউজ
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঝাড়খন্ড ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি রয়েছে।

এ অবস্থায় সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় বাংলাদেশের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অন্য এক বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।