logo

ঘূর্ণিঝড় অর্ণব সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা, যেখানে আঘাত হানতে পারে

ঘূর্ণিঝড় অর্ণব সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা, যেখানে আঘাত হানতে পারে
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি দ্রুত বাড়ছে। ছবি: এনডিটিভি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি দ্রুত বাড়ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতি ও শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) সর্বশেষ তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব গত ১২ ঘণ্টায় ব্যাপক শক্তি অর্জন করে মঙ্গলবার দুপুর ৩টার সময় এটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই সময় ঘূর্ণিঝড় অর্ণবের বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার পরিমাপ করা হয়েছে। আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক জারীকৃত সর্বশেষ তথ্য অনুসারে ঘূর্ণিঝড় অর্ণব এর সুপার-সাইক্লোনে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ মধ্যরাতের যেকোন সময়।

পোস্টে আরও বলা হয়, আজ বাংলাদেশ সময় দুপুর ৩টার সময় ঘূর্ণিঝড় অর্ণব এর চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টির চারপাশে ৩৮ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ৯৪৭ মিলিবার রেকর্ড করা হয়েছে। আজ দুপুর ৩টার সময় কোলকাতা বন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্র।

পোস্টে পলাশ লেখেন, আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ২৭ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ৩টায় ঘূর্ণিঝড় অর্ণবের কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ওপরে।

তিনি আরও লেখেন, ঘূর্ণিঝড় অর্ণব মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে আগামীকাল ভোর ৬টার মধ্যে সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। এ সময় এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ১২০ নটিক্যাল মাইল বা ২২২ কিলোমিটারের বেশি হয় তখন সেই ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন বলে। আশঙ্কা করা যাচ্ছে উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি তার সর্বোচ্চ শক্তিতে থাকবে।

পোস্টে সবশেষে তিনি লেখেন, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে শুরু করে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিশাখাপত্তম সামুদ্র বন্দরের দক্ষিণ দিকের উপকূলের ওপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।