কালবৈশাখী ও বন্যা নিয়ে বড় দুঃসংবাদ

আগামী রোববার (২৬ এপ্রিল) থেকে আবারও কালবৈশাখী ঝড় শুরুর আশঙ্কা রয়েছে। একই সময়ে হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
পলাশের দেওয়া তথ্যমতে, রোববার (২৬ এপ্রিল) রংপুর, সিলেট ও ময়মনসিং বিভাগে; ২৭ এপ্রিল সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগে এবং ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পুরো দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
এ ছাড়া সিলেট বিভাগের হাওর এলাকায় বন্যার আশঙ্কার কথা জানিয়ে তিনি পোস্টে লেখেন, রোববার (২৬ এপ্রিল) থেকে শুরু করে ৫ মে পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট বিভাগের নদ-নদীগুলোতে পাহাড়ি ঢল নামতে পারে এবং হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও লেখেন, ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই বার্তায় এই আবহাওয়াবিদ লেখেন, শনিবার (২৫ এপ্রিল) দেশের পাঁচ বিভাগের (সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া অন্য সকল বিভাগ) ওপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করতে পারে। চলমান এই তাপপ্রবাহ শনিবার থেকে কমা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ জেলার ওপরে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী সোমবার (২৭ এপ্রিল) থেকে তাপপ্রবাহের তীব্রতা দ্রুত কমার সম্ভাবনা রয়েছে।