সাগরে নিম্নচাপ, যেসব বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

এশিয়া পোস্ট নিউজ
সাগরে নিম্নচাপ, যেসব বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে সৃষ্টি হওয়া মৌসুমী লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারী (৪৪-৮৮ মি.মি/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, দেশের ৬ বিভাগ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এই ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

অতিবৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উপকূলবাসী, জেলে এবং সমুদ্রগামী নৌযানের প্রতি সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।