Advertisement

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস, ভূমিধসের শঙ্কা

এশিয়া পোস্ট নিউজ
চার বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস, ভূমিধসের শঙ্কা
ভারী বৃষ্টিতে বিপাকে পড়তে হয় মানুষকে। তবুও ফিরতে হয় গন্তব্যে। ছবি: সংগৃহীত

নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে তাকে ভারী বৃষ্টি এবং এর চেয়ে বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়।

এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।