logo

রাতের মধ্যেই খুলনা-রংপুরে শক্তিশালী ঝড়ের আভাস

রাতের মধ্যেই খুলনা-রংপুরে শক্তিশালী ঝড়ের আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাত থেকে ভোর পর্যন্ত একাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে খুলনা ও রংপুর বিভাগে ঝড়ের প্রভাব বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া বিশ্লেষক মোস্তফা কামাল পলাশের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের মেদিনীপুর হয়ে ইতোমধ্যে একটি শক্তিশালী ঝড় কলকাতা অতিক্রম করছে, যা রাত ১টার পর সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

একই সময়ে রংপুর বিভাগেও একাধিক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। রাত ১১টার পর একটি ঝড় পঞ্চগড় দিয়ে প্রবেশ করে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় প্রভাব ফেলছে। এই ঝড়টি রাত ১টা থেকে ৩টার মধ্যে গাইবান্ধা ও কুড়িগ্রাম অঞ্চলে আঘাত হানতে পারে।

এর পাশাপাশি রাত ১২টার পর পঞ্চগড় হয়ে আরও একটি ঝড় প্রবেশ করেছে, যা রংপুর বিভাগের সব জেলায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, রংপুর অঞ্চল থেকে অগ্রসর হওয়া ঝড় ভোর ৪টার পর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে ছড়িয়ে পড়তে পারে এবং সকাল ১০টা পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।

অন্যদিকে খুলনা দিয়ে প্রবেশ করা কালবৈশাখী ঝড় রাত ৩টার পর বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় আঘাত হানতে পারে। এই ঝড়ও সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ভোর ৫টার পর রাজশাহী বিভাগ দিয়ে আরও একটি ঝড় প্রবেশ করে পরবর্তীতে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।