জ্বালানি তেলের দাম বেড়েছে ৩০ শতাংশ, বিপাকে ব্রিটিশরা

ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন যুক্তরাজ্যের নাগরিকরা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে জ্বালানি তেলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি ঘিরে মুদ্রাস্ফীতির উদ্বেগ বেড়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রতিবেদেন বলা হয়, যিশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে যুক্তরাজ্যে ছুটি চলছে। ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন ব্রিটিশরা। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের যুদ্ধের ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
আজ বৃহস্পতিবার মোটর জ্বালানির দাম আবার বেড়েছে। ফলে সংঘাত শুরু হওয়ার পর থেকে ডিজেলের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটারে ৪৩ পেন্স বৃদ্ধি পাওয়ায় গড় মূল্য দাঁড়িয়েছে ১৮৫.২৩ পেন্স। ২০২২ সালের নভেম্বরের পর এটিই সর্বোচ্চ দাম। শুধু গত সপ্তাহেই ডিজেলের দাম বেড়েছে প্রায় ৯ পেন্স।
২০২৬ সালের মার্চ মাস অনুযায়ী, যুক্তরাজ্যে পেট্রোলের গড় মূল্য প্রতি লিটারে প্রায় ১৫২.০১ পেন্স ছিল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সংকট বৃদ্ধির কারণে মার্চ মাসে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটে এবং তা লিটার প্রতি প্রায় ১৫২ পেন্সের ওপর অবস্থান করছে।
অন্যদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরুর পর পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ২২ পেন্ট বা ১৬ শতাংশ বেড়ে গড়ে ১৫৪.৪৫ পেন্সে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরের শেষে দাম এত বেশি ছিল।
গাড়ি চালকদের জ্বালানি তেলের সাশ্রয় করার পরামর্শ দিয়ে আরএসি’র নীতি প্রধান সাইমন উইলিয়ামস বলেন, মাইর্যাক অ্যাপের ফুয়েল ফাইন্ডার ব্যবহার করে সবচেয়ে সস্তা পেট্রোল পাম্প খুঁজে বের করা অপরিহার্য হয়ে উঠেছে। কারণ এর মাধ্যমে প্রতিবার তেল ভরার সময় বেশ কয়েক পাউন্ড সাশ্রয় করা যায়। সর্বোচ্চ গিয়ারে গতিসীমার মধ্যে স্থিরভাবে গাড়ি চালিয়ে ও অ্যাক্সিলারেটরের তীব্র ব্যবহার এড়িয়ে জ্বালানি সাশ্রয়ীভাবে গাড়ি চালালেও জ্বালানি বেশিদিন চলে।
এর আগে, জাতির উদ্দেশে দেওয়া ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮.২ শতাংশ বেড়ে ১০৯.৫০ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্স ব্যারেলপ্রতি ৯.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯.৩৫ ডলারে। এটি গত ৯ মার্চের পর সর্বোচ্চ।