logo

যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

যুদ্ধজাহাজটিতে যুক্তরাষ্ট্রে একটি সাবমেরিন থেকে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল। জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানান, পূর্ব ভারতের একটি বন্দর থেকে ইরানের দিকে যাত্রা করা ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। জাহাজটি মোট ১৮০ জন মানুষ ছিলেন বলে জানা গেছে।

ভারত মহাসাগরে ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিসি সিনহলাকে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সাম্পাথ থুয়্যাকোন্থা। তিনি জানান, অনুসন্ধান চলছে।

ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করার তথ্যও জানায় শ্রীলঙ্কার নৌবাহিনী।

মহড়া-সংক্রান্ত ওয়েবসাইটের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানি জাহাজটি গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত একটি নৌ মহড়ায় অংশ নিয়েছিল এবং ইরানের দিকে ফিরে যাচ্ছিল।

এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌ বাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা। পরে সকাল ৬টার দিকে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।

হেরাথ আরও জানান, ইতোমধ্যেই জাহাজটি থেকে আহত ৩২ জনকে উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যালের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

অন্যদিকে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে রয়টার্সকে বলেন, ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। আরও ১০১ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।

প্রসঙ্গত, গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ওই অঞ্চলের বাইরে ইরানি সামরিক বাহিনীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এটিই প্রথম হামলা।  

সূত্র: রয়টার্স, বিসিসি