ভারতে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

সোমবার (২২ জুন) বিকেলে এ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে বহু শিক্ষার্থী আটকা পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জীবন বাঁচাতে অনেক শিক্ষার্থী ভবনের প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আলীগঞ্জের ব্যস্ত বাণিজ্যিক এলাকার ঊষা মেহতা মার্গের ওই ভবনটিতে বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি লাইব্রেরি, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও পোষা প্রাণীর দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম গাড়িসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ১৪ জনের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

আমান নামের এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএনআইকে জানান, আগুন লাগার পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মিলে ৫-৬ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও এক ব্যক্তি আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন।

অন্য এক বাসিন্দা জানান, ফায়ার সার্ভিস পৌঁছাতে কিছুটা সময় নেওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। শর্ট সার্কিটের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় প্রায় ৭-৮ জন শিক্ষার্থী লাফিয়ে বাঁচলেও এখনও ২০ থেকে ২৫ জন ভেতরে আটকে থাকতে পারেন বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের প্রথম তলায় তল্লাশি চালানো হলেও সেখানে নতুন করে কাউকে পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে পুরো ভবনে উদ্ধার অভিযান চলছে। আটকে পড়া ও আহতের সঠিক সংখ্যা সরকারিভাবে নিশ্চিত করা না হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।