সুপ্রিম কোর্টের রায়ের কয়েক দিন পরই ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী শুল্ক ব্যবস্থার বেশিরভাগ অংশ বাতিল করার কয়েক দিন পরে এ ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াশিংটন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ছাড়ের আওতাভুক্ত নয় এমন সব পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।
তবে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্ত আসার পর শুল্ক ও বাণিজ্য চুক্তির কী হবে—বিশ্বের বিভিন্ন দেশ তা মূল্যায়ন করছে। এরপরই এই সতর্কবার্তা দিলেন ট্রাম্প।
সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে, তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে। এছাড়া চুক্তি চূড়ান্ত করার জন্য পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে ভারত।
তবে সুপ্রিম কোর্টের এই রায় ব্যবহার করে গত বছরের বাণিজ্য প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়ে দেশগুলোকে সতর্ক করেছেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যারা সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্ত সামনে এনে ‘খেলতে’ চায়। তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক বাতিল করে। তখন থেকেই এরকম বিশৃঙ্খলার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
আদালতের এমন সিদ্ধান্তের পর, ভিন্ন একটি আইনের অধীনে বিশ্বব্যাপী নতুন করে ১০ শতাংশ শুল্ক ঘোষণা করে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তবে এ শুল্কের হার দ্রুতই ১৫ শতাংশে উন্নীত করবেন বলে জানিয়েছেন তিনি।