চোরাবালি থেকে বাঁচতে মিথ্যা খবর ছড়াচ্ছেন ট্রাম্প, দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৩ মার্চ) দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং দুই পক্ষই প্রধান বিষয়গুলোতে একমত হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আলোচনার খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ছড়াচ্ছে তারা।’
ট্রাম্প দাবি করেছিলেন, গত রোববার মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে খুবই জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এই আলোচনা কোন দিকে নিয়ে যায়। আমাদের প্রধান প্রধান বিষয়ে মতৈক্য হয়েছে। আমি বলব, প্রায় সব প্রধান বিষয়েই আমরা একমত হতে পেরেছি।’
তবে ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা ঘোষণা করে গালিবাফ লেখেন, ‘ইরান আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি চায়। এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা দৃঢ়ভাবে তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে আছেন।’
গালিবাফের পোস্টের আগে, এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি ভুয়া বলে জানান। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।’