logo

ইরান-ইসরায়েলের নতুন সংঘাত নিয়ে কী বলছে চীন

ইরান-ইসরায়েলের নতুন সংঘাত নিয়ে কী বলছে চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের নতুন করে সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতি কারও স্বার্থে নয় বলে মন্তব্য করেছে চীন। এ অবস্থায় অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে দেশটি।

সোমবার (৮ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতিতে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং নতুন করে যুদ্ধ কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করে না।

তিনি আরও বলেন, এ বাস্তবতায় সংশ্লিষ্ট সব পক্ষ যেন যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, আলোচনার গতি বজায় রাখে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পথে অটল থাকে বলে আশা করে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, দ্রুত একটি সর্বাত্মক ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যথাযথ পরিবেশ তৈরি হবে।

সূত্র: সিএমজি