logo

ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হাজারবার হামলার দাবি হিজবুল্লাহর

ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হাজারবার হামলার দাবি হিজবুল্লাহর

ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হাজারবার হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবানন ও দেশটির জনগণের প্রতিরক্ষায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৩০ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

এ বিষয়ে লেবাননের সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ২ মার্চ থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে এক হাজার ১০০টি সামরিক অভিযান এবং হামলা চালিয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এই অভিযানগুলো চালানো হয়েছে।

২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত অতিক্রম করে চালানো এক হামলার পর থেকে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।

লেবানন সরকার জানিয়েছে, এরপর থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ২২৮ জন নিহত এবং তিন হাজার ৫৪৩ জন আহত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।

ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।