ভারতে আউটলেট খোলার উপযুক্ত জায়গা পাচ্ছে না লাক্সারি ব্র্যান্ডগুলো

ভারতে বর্তমানে দামি ঘড়ি, পোশাক কিংবা প্রসাধন সামগ্রীর চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। লুই ভিটন, ডিওরের মতো গ্লোবাল ব্র্যান্ডগুলোও ভারতে তাদের ব্যবসার বিস্তার ঘটাতে মুখিয়ে আছে। কিন্তু এই সম্ভাবনাময় বাজারের সামনে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জায়গার অভাব। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দামি ব্র্যান্ডগুলোর দোকান খোলার মতো পর্যাপ্ত ও মানসম্মত ‘লাক্সারি মল’ ভারতে নেই।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের উচ্চ ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে দেশটিতে বিদেশি নামী ব্র্যান্ডগুলোর চাহিদা এখন তুঙ্গে। কিন্তু এই ব্র্যান্ডগুলো সাধারণ শপিংমলে আউটলেট খুলতে চায় না। তারা চায়, এমন পরিবেশ ও অবকাঠামো, যা তাদের আভিজাত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতে বর্তমানে এই মানের জায়গার জোগান চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য।
বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডার স্বত্তাধিকারী লরেঞ্জো বারতেল্লি গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে তাদের কোম্পানি ভারতকে সম্ভাবনাময় নতুন বাজার হিসেবে বিবেচনা করছে। তবে ভারতে ঠিক কবে এবং কোথায় তারা ব্যবসা শুরু করবে, সেই সিদ্ধান্ত নিতে আরও তিন থেকে পাঁচ বছর সময় লেগে যেতে পারে।
বারতেল্লি বলেন, ‘যখন আপনি একটি দোকান খোলার কথা ভাবেন, তখন শুধু দোকানের পরিকল্পনা করলেই হয় না, বরং একসঙ্গে একাধিক দোকানের পরিকল্পনা থাকতে হয়। কারণ, এর পেছনে অনেক বড় অংকের আনুষঙ্গিক খরচ জড়িয়ে থাকে।’
রয়টার্স জানাচ্ছে, ভারতের লাক্সারি রিটেইল বাজার মূলত দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর কয়েকটি নির্দিষ্ট মলের ওপর নির্ভরশীল। এর বাইরে অন্য বড় শহরগুলোতে চাহিদা থাকলেও সেখানে আন্তর্জাতিক মানের লাক্সারি মল নেই।
চাহিদা বেশি থাকায় মলগুলোতে দোকানের ভাড়া এখন আকাশছোঁয়া। এমনকি অনেক ব্র্যান্ড জায়গা পাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষার তালিকায় রয়েছে।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, জায়গার অভাবে অনেক সময় নতুন কোনো বড় ব্র্যান্ডকে জায়গা দিতে গিয়ে পুরোনো ব্র্যান্ডগুলোকে তাদের দোকানের আকার ছোট করতে হচ্ছে অথবা মল ছেড়ে চলে যেতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি বিশ্বের অন্যতম বড় বিলাসবহুল পণ্যের বাজারে পরিণত হতে চায়, তবে রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তাদের আরও বেশি হাই-এন্ড বা লাক্সারি মল নির্মাণে বিনিয়োগ করতে হবে। শুধু সাধারণ মার্কেট বা মল দিয়ে এই বিশেষায়িত চাহিদা পূরণ করা সম্ভব নয়।