বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র, দাবি অ্যাক্সিওসের

এশিয়া পোস্ট ডেস্ক
বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র, দাবি অ্যাক্সিওসের
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি শেষ হয়েছে ঘোষণা দিলেও আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জুলাই) তার এই মন্তব্যের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনার টেবিলে বসছে বলে খবর বেরিয়েছে। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে পারে এই বৈঠক।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, চলমান সংঘাতের মধ্যে আগামী সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন দফায় আলোচনার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি সুইজারল্যান্ডে হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক লড়াইয়ের পর আঞ্চলিক মধ্যস্থতাকারীরা উত্তেজনা প্রশমন করতে এবং আলোচনা পুনরায় শুরু করার পরিস্থিতি তৈরি করতে কাজ করছেন।

কাতারের প্রতিনিধিদল তেহরান সফরে রয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষও ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। নতুন করে সৃষ্ট উত্তেজনায় উভয় পক্ষকে সংযত থাকার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ।

তবে দ্বন্দ্বরত দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠিতের খবর উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স।

ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমের ওই প্রতিবেদন অস্বীকার করে জানিয়েছেন। ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি চূড়ান্ত হওয়া ও আগামী সপ্তাহে কারিগরি আলোচনা অব্যাহত থাকার দাবিগুলো মিথ্যা। এসব উড়ো তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।

সূত্রটি আরও দাবি করেন, আলোচনা প্রক্রিয়ার যে কোনো অগ্রগতি শুধুমাত্র ইসলামী প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেই ঘোষণা করা হবে।