logo

সবচেয়ে ছোট নদী কতটা ছোট

সবচেয়ে ছোট নদী কতটা ছোট

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে—ছোটবেলায় পড়া এই দুটো লাইনের পর আমরা সেই ছোট নদী আসলে কতটুকু ছোট, তা জানতে পারিনি। তবে পৃথিবীর সবচেয়ে ছোট যে নদী, তার মাপ জানলে আসলেই অবাক হবেন। আর কোনটি যে সবচেয়ে ছোট নদী, তার হিসাবটাও কিন্তু সহজ নয়। 

দৈর্ঘ্য আর আঁকাবাঁকা প্রবাহের জন্য অনেক নদীই পরিচিত হয়, তবে নদীগুলো কতটা দূরত্ব অতিক্রম করে তার হিসাব কিন্তু একটু কঠিন। যেমন ধরুন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের রো নদী, মাত্র ২০১ ফুট (৬১ মিটার) পথ অতিক্রম করে জায়ান্ট স্প্রিংস থেকে মিসৌরি নদী পর্যন্ত প্রবাহিত হয়। রো নদী ১৯৮৯ সালের গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট নদী হিসেবে স্বীকৃতি পায়। 

এর আগে এই খেতাবটি ছিল ওরেগনের লিংকন সিটির ‘ডি’ নদীর, যার দৈর্ঘ্য ছিল ৪৪০ ফুট (১৩৪ মিটার)। বিভিন্ন সময়ে এই দুই নদীর দৈর্ঘ্য ভিন্নভাবে পরিমাপ করা হয়েছে এবং দুই শহরের বাসিন্দারাই এই খেতাব নিয়ে বিরোধে জড়িয়ে যান। ২০০৬ সালে গিনেস এই বিতর্ক এড়াতে এই বিভাগটি পুরোপুরি বাতিল করে দেয়।

ওয়ার্ল্ড অ্যাটলাস অনুযায়ী, পৃথিবীর আরও ছোট নদীও রয়েছে। যেমন ইন্দোনেশিয়ার তাম্বোরাসি নদীর দৈর্ঘ্য প্রায় ২০ মিটার (৬৫.৬ ফুট), নরওয়ের কোভাসেলভা নদীর দৈর্ঘ্যও মাপা হয়েছে প্রায় ৬৬ ফুট। তবে এখানে সেগুলোকে প্রকৃতপক্ষেই নদী হিসেবে বিবেচনা করা হবে কি না, তা নিয়ে তর্কের অবকাশ রয়েছে। প্রশ্ন এখানেই, একটি নদী কি সত্যিই মাত্র ৬৫ ফুট প্রবাহিত হতে পারে? 

নদীর সংজ্ঞা বেশ বিস্তৃত, অনেক রকম। ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুসারে, নদী হলো এমন এক জলধারা যেখানে স্রোতের মাধ্যমে পানি অবিরাম প্রবাহিত হয়, যা উঁচু স্থান থেকে উৎপন্ন হয় এবং সব শেষে সমুদ্র, অন্য কোনো নদী, হ্রদ বা জলাধারে গিয়ে মিশে যায়। সাধারণভাবে, ছোট খাল বা ঝরনাধারা একত্রিত হয়ে স্ট্রিম তৈরি করে, স্ট্রিমগুলো মিলিত হয়ে নদী হয় এবং নদীগুলো শেষ পর্যন্ত উঁচু স্থান থেকে নিচু স্থানে পানি বহন করে সমুদ্রে গিয়ে পড়ে।

১৯৫২ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক আর্থার নিউয়েল স্ট্রালার নদী ও স্ট্রিম শ্রেণিবিন্যাসের একটি পদ্ধতি প্রস্তাব করেন, সেটি তার নামেই পরিচিত হয়ে ওঠে। স্ট্রাহলার স্ট্রিম অর্ডার শ্রেণিবিন্যাস অনুযায়ী, মোট ১২টি স্তর রয়েছে, যা উপনদীর ভিত্তিতে নির্ধারিত হয়। উপনদী হলো এমন নদী বা জলধারা যা সরাসরি সমুদ্রে না গিয়ে বড় কোনো নদী বা স্ট্রিমে গিয়ে মিশে।

প্রথম ও দ্বিতীয় স্তরের স্ট্রিমগুলো বড় স্ট্রিমে গিয়ে মিশে থাকে, এগুলোর নিজস্ব কোনো উপনদী থাকে না। জলাধারের উজানে প্রবাহিত হেডওয়াটার স্ট্রিমগুলো প্রথম থেকে তৃতীয় স্তরের মধ্যে পড়ে এবং এগুলো পৃথিবীর মোট জলপথের ৮০ শতাংশেরও বেশি। চতুর্থ থেকে ষষ্ঠ স্তরের স্ট্রিমগুলো মাঝারি আকারের হিসেবে ধরা হয় এবং এগুলো অন্যান্য স্ট্রিম থেকে প্রবাহ পায়। আর ষষ্ঠ স্তরের ওপরে যেগুলো রয়েছে, সেগুলো একাধিক উপনদী থেকে পুষ্ট হয়ে প্রকৃত নদী হিসেবে বিবেচিত হয়।

সূত্র: হাউস্টাফওয়ার্কস