ইসরায়েলকে ‘শয়তানি শক্তি’ বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর কড়া প্রতিক্রিয়া

লেবাননে ইসরায়েলি হামলায় কয়েকশ মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটিকে ‘মানবতার জন্য অভিশাপ’ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে যারা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করেছিল, তারা যেন জাহান্নামের আগুনে পোড়ে। ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। যখন ইসলামাবাদে শান্তি আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তেও লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবানন—একের পর এক রক্তপাত চালিয়ে যাওয়া হচ্ছে।’
পাক প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য নজরে এসেছে ইসরায়েলের। নেতানিয়াহুর দপ্তর এই মন্তব্যকে ইসরায়েলকে ধ্বংস করার ডাক হিসেবে ব্যাখ্যা করেছে। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বলে, ‘পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েলকে নিশ্চিহ্ন করার এই আহ্বান অত্যন্ত আপত্তিকর। কোনো সরকারের কাছ থেকে এমন বক্তব্য সহ্য করা যায় না, বিশেষ করে এমন একটি দেশ থেকে যারা নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে পাকিস্তান। পাকিস্তান ও ইরান দাবি করছে এই যুদ্ধবিরতি লেবাননের জন্যও প্রযোজ্য, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা মানতে নারাজ। এ পরিস্থিতিতে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্যমতে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে শুরু হওয়া তীব্র হামলায় দেশটিতে অন্তত ৩০৩ জন নিহত এবং এক হাজার ১৫০ জন আহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে লেবাননে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৮৮ জনে।