Advertisement

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও ইরানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি এলাকায় যুক্তরাষ্ট্রের বাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করতে পারে এমন একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। নতুন এই হামলার ঘটনায় অঞ্চলজুড়ে উদ্বেগ আরও বেড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, বুধবার (২৭ মে) ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। একই সঙ্গে হুমকি হিসেবে বিবেচিত কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

তবে ঠিক কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কয়েক মাস ধরে চলা সংঘাত বন্ধে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অস্বীকার করেন। সেখানে দাবি করা হয়েছিল, সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালির নৌ চলাচল পরিচালনা করবে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপথ এবং এটি সবার জন্য খোলা থাকবে।

এর আগেও সোমবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি ছিল, সেটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে ইরান ওই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করে।

মার্কিন বাহিনীর দাবি, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল মাইন স্থাপনের চেষ্টা করা নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এগুলোকে তাদের সেনাদের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও অনেক বেশি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স