সব রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে আর্টেমিসের নভোচারীরা

পৃথিবী থেকে সবচেয়ে দূরের জায়গায় মানুষের ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ চন্দ্রাভিযানে অংশ নেওয়া চার নভোচারী। তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি চাঁদের পেছন দিয়ে উড়ে যাওয়ার সময় এই দূরত্ব তৈরি হয়েছিল এবং ওরিয়ন ক্যাপসুলটি চাঁদের সবচেয়ে কাছে অবস্থান করছিল।
নাসা জানিয়েছে, সেই দূরত্ব ছিল ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার বা ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল। এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে যাওয়ার রেকর্ড করেছিল। ওই সময় নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে গিয়েছিলেন। সেই রেকর্ড ভাঙলেন এই চার নভোচারী।
তারা হলেন নাসার তিনজন মহাকাশচারী কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।
তারা এখন পৃথিবীর দিকে ফিরে আসছেন। আর্টেমিস-২ যখন চাঁদের পেছনে যায়, তখান প্রায় ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল। চাঁদের ওই অংশ ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে মহাকাশযানটির আবারও যোগাযোগ স্থাপিত হয়।
এ সময় মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ পৃথিবীবাসীর উদ্দেশে বলেন, ‘আমরা এশিয়া, আফ্রিকা ও ওশিনিয়ার দিকে তাকিয়ে আছি। আমরা শুনেছি, আপনারা এখন আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে পাচ্ছেন। আমরাও আপনাদের দেখতে পাচ্ছি।’
মহাকাশ গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে, শুক্রবার সান ডিয়েগোর থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে মহাকাশচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুলটি। ইতোমধ্যে উদ্ধাকারী জাহাজটি রওনা হয়েছে বলে মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন।
নাসা পরবর্তী চন্দ্রাভিযানের জন্য ২০২৮ সালকে নির্ধারণ করেছে। অবসরপ্রাপ্ত নাসা মহাকাশচারী লিন্ডা গডউইন বলেন, কর্মীরা যে রকেটেই উৎক্ষেপণ করুক না কেন, যে মহাকাশযানেই থাকুক না কেন, তার জন্য তারা ব্যাপক প্রশিক্ষণ নেয়, ঠিক যেমন এই ব্যক্তিরা বেশ কয়েক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন।
আর্টেমিস-২ অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ মহাকাশ অনুসন্ধানের জন্য সরঞ্জাম পরীক্ষা করা। বেশ কয়েকটি দেশ চন্দ্রযান তৈরির কাজ করছে। তিনি বলেন, ‘হার্ডওয়্যার আবার তৈরি করতে সময় লাগে। এবার তারা আগের মতো না গিয়ে বড় টিম, আলাদা ক্যাপসুল আর নতুন জায়গায় নামার পরিকল্পনা করছে। তাই পুরো কাজটাই এখনও বেশ জটিল।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্টেমিসের নভোচারী ও নাসাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আপনারা যা করছেন, মানুষ এর আগে সত্যিই তেমন কিছু দেখেনি। এটা সত্যিই বিশেষ। তিনি আজ রাতে আর্টেমিস মহাকাশচারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন বলে এক্সে জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি আজ রাত ১০টায় আর্টেমিস-২-এর মহান নভোচারীদের সঙ্গে সরাসরি কথা বলব।
সূত্র: বিবিসি, সিবিএস নিউজ