logo

ইরানি ড্রোনের আঘাতে ফ্রান্সের সেনাসদস্য নিহত 

ইরানি ড্রোনের আঘাতে ফ্রান্সের সেনাসদস্য নিহত 

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ইরানের ড্রোন হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য নিহত হয়েছেন। ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ইরান নিজেদের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে।

শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

ফ্রান্স সেনাবাহিনীর কর্নেল ফ্রাঁসোয়া-জেভিয়ার ডি লা চেসনে বার্তা সংস্থা এএফপিকে জানান, ৪২ বছর বয়সি ফরাসি সেনা আর্নল্ড ফ্রিয়ন যে অবস্থানে দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেখানেই একটি শাহেদ ড্রোন সরাসরি আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। হামলায় আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানোয়েল ম্যাক্রোঁ এক্স-এ এক পোস্টে সমবেদনা জানিয়ে লিখেছেন, ইরাকের ইরবিল অঞ্চলে এক হামলার সময় সশস্ত্র বাহিনীর ওই সদস্য ফ্রান্সের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন সেনাও আহত হয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের মধ্যে এই প্রথম কোনো ফরাসি সেনার মৃত্যু হলো। 

উল্লেখ্য, ইরাকে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ফরাসি বাহিনী সেখানে মোতায়েন রয়েছে।

এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্রগোষ্ঠী একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দায় স্বীকার করেছে। এ ঘটনায় বিমানটিতে থাকা ছয় ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। গত ১২ মার্চ স্থানীয় সময় দুপুর ২টার দিকে কেসি-১৩৫ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকারীরা চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও বাকি দুই সদস্যের সন্ধানে অভিযান এখনো চলছে বলে জানিয়েছে সেন্টকম।