logo
Advertisement

মুরগির মাংস বেশি খাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

এনডিটিভি
এনডিটিভি
মুরগির মাংস বেশি খাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন
দুই বন্ধু একসঙ্গে পার্টি করেন। ছবি: এনডিটিভি

ভারতের কর্ণাটকে পার্টিতে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভি জেলার মুদালাগি তালুকের হুনাশিয়াল পিজি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সীতারাম। তিনি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। মুদালাগির প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন তিনি। একই প্রতিষ্ঠানে কাজ করতেন তার বন্ধু ও এ ঘটনায় অভিযুক্ত অরুণ কুমার। তিনিও কবিরগঞ্জের বাসিন্দা।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সীতারাম ও অরুণ কুমার একসঙ্গে পার্টি করছিলেন। এ সময় কে কতগুলো মুরগির মাংসের টুকরা খেয়েছেন, তা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করে।

অভিযোগ, একপর্যায়ে অরুণ কুমার ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত সীতারামকে পরে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে সেখানে অরুণ দাবি করেন, সীতারাম ভবন থেকে পড়ে আহত হয়েছেন। ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর এই চেষ্টা পুলিশের সন্দেহের সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।