logo

ভারত থেকে নাবিকদের নিতে বিমান পাঠাল ইরান

ভারত থেকে নাবিকদের নিতে বিমান পাঠাল ইরান

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হামলার ঘটনায় ভারত ও শ্রীলঙ্কায় আটকে পড়া নাবিকদের সরিয়ে নিতে একটি চার্টার্ড বিমান পাঠিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যবস্থাপনায় পাঠানো বিমানটি দক্ষিণ ভারত থেকে নাবিক এবং নিহত ক্রুদের মরদেহ নিয়ে উড্ডয়ন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি প্রথমে শ্রীলঙ্কা থেকে যাত্রা করে। সেখানে থেকে ৪ মার্চ মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’-এর নিহত ৮৪ নাবিকের মরদেহ বহন করা হয়। এরপর বিমানটি দক্ষিণ ভারতের কোচি শহরে অবতরণ করে এবং সেখান থেকে আরেকটি ইরানি জাহাজের নাবিক ও কয়েকজন আটকে পড়া ইরানি পর্যটককে নিয়ে উড্ডয়ন করে।

ইরানি কর্মকর্তারা ফ্লাইটটির বিষয়টি নিশ্চিত করলেও নিরাপত্তাজনিত কারণে এর গন্তব্য প্রকাশ করেননি।

এদিকে একই সামরিক মহড়ায় অংশ নেওয়া আরও দুটি ইরানি জাহাজ হামলার পর ভারত ও শ্রীলঙ্কায় আশ্রয় নেয়। এর মধ্যে ‘আইআরআইএস লাভান’ ভারতে নোঙর করেছে এবং ‘আইআরআইএস বোসিহর’ শ্রীলঙ্কায় অবস্থান নিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজটির ৩২ জন জীবিত নাবিক এখনো শ্রীলঙ্কায় রয়েছেন। তাদের সঙ্গে ‘আইআরআইএস বোসিহর’-এর ২০৮ জন নাবিকও সেখানে অবস্থান করছেন।