logo
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ

৩ বছরে ১১ লাখ ৪০ হাজার পিআর দেবে কানাডা

৩ বছরে ১১ লাখ ৪০ হাজার পিআর দেবে কানাডা
কানাডার কুইবেক সিটি। ছবি: গেটি ইমেজেস

কানাডার ফেডারেল সরকার আগামী তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা (পারমানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার করে নতুন অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) প্রকাশিত ইমিগ্রেশন লেভেলস প্ল্যান ২০২৭-২০২৯-এ এই লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী গ্রহণ এবং মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত থাকবে।

নতুন পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

যেসব বিষয় পিআর পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ

নতুন অভিবাসন পরিকল্পনায় কানাডার অর্থনৈতিক ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগও অব্যাহত থাকবে।

এ অবস্থায় কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের জন্য শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠতে পারে। বিশেষ করে কানাডার শ্রমবাজারে যেসব পেশার চাহিদা রয়েছে, সেসব ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতা অভিবাসনের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

তবে সরকারের ঘোষিত ১১ লাখ ৪০ হাজার পিআর গ্রহণের লক্ষ্যমাত্রা কোনো ব্যক্তির স্থায়ী বসবাসের অনুমোদনের নিশ্চয়তা নয়। আবেদনকারীদের সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা, শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে কানাডার অনুমোদিত অভিবাসন পরামর্শক বা আইনজীবীর সহায়তাও নেওয়া যেতে পারে।