মাদক মামলায় মাদুরোকে আদালতে হাজির করা হচ্ছে আজ

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বহুল আলোচিত মাদক পাচার মামলায় হাজিরা দিতে আদালতে আনা হবে। বুধবার (২২ জুলাই) নিউইয়র্কের একটি আদালতে তাদের হাজিরা গ্রহণ করা হবে।
রয়টার্স জানিয়েছে, ম্যানহাটন ফেডারেল আদালতে মার্কিন জেলা জজ অ্যালভিন হেলারস্টেইনের এজলাসে স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হবে শুনানি। এই শুনানিতে মামলার পরবর্তী ধাপ ও বিচার শুরুর প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হবে।
সাম্প্রতিক মার্কিন ইতিহাসের অন্যতম আলোচিত এই মামলায় ম্যানহাটন ইউএস অ্যাটর্নি অফিসের প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা যৌথভাবে ২০২৭ সালের জুন মাসে বিচারকাজ শুরু করার প্রস্তাব জমা দিয়েছেন। তবে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবেন বিচারপতি হেলারস্টেইন।
চলতি বছরের ৩ জানুয়ারি রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত এক আকস্মিক অভিযানে কারাকাসের নিজ ভবন থেকে মাদুরো ও ফ্লোরেসকে গ্রেপ্তার করে মার্কিন বিশেষ বাহিনী।
মার্কিন প্রশাসনের দাবি, তেলসমৃদ্ধ দেশটির রাষ্ট্রীয় পদমর্যাদা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে শত শত টন কোকেন চালানে সহায়তা করেছেন মাদুরো। ৫ জানুয়ারি প্রথম শুনানিতে নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে দাবি করে প্রসিকিউশনের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এই সমাজতান্ত্রিক নেতা।
আদালতে দাখিল করা নতুন নথি অনুযায়ী, ২ সেপ্টেম্বরের মধ্যে মামলাটি খারিজের জন্য প্রথম দফার আইনি আবেদন জমা দেবেন মাদুরোর প্রধান আইনজীবী ব্যারি পোলাক। আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন সার্বভৌম রাষ্ট্রপ্রধান হিসেবে মাদুরো রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি পাবেন, এই যুক্তির পাশাপাশি তার গ্রেপ্তার প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি ছিল দাবি করে মামলাটি খারিজের আবেদন করা হতে পারে।
প্রসিকিউটররা আসামিপক্ষকে সমস্ত গোপনীয় আলামত ও তথ্য হস্তান্তরের পর ২০২৭ সালের ১১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় দফা আইনি আপিল জমা দেওয়ার সুযোগ পাবেন মাদুরোর আইনজীবীরা।
মাদুরোকে গ্রেপ্তারের পর থেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরো সরকারের আমলের বৈরী সম্পর্ক পেছনে ফেলে ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে নজিরবিহীন কূটনৈতিক ও অর্থনৈতিক সখ্য গড়ে তুলেছে।
.png)






