logo

পশ্চিমবঙ্গে তৃণমূলের ঘাসফুল প্রতীকে নিষেধাজ্ঞা, বিপাকে পতাকা ব্যবসায়ীরা

পশ্চিমবঙ্গে তৃণমূলের ঘাসফুল প্রতীকে নিষেধাজ্ঞা, বিপাকে পতাকা ব্যবসায়ীরা
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের পতাকা ব্যবসায়ীরা। ছবি: এশিয়া পোস্ট

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক নিয়ে দুই গোষ্ঠীর বিরোধের জেরে দেশটির নির্বাচন কমিশনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের পতাকা ব্যবসায়ীরা। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে কমিশনের নির্দেশে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘ঘাসফুল’ প্রতীকের ব্যবহার স্থগিত থাকায় মজুত করা তৃণমূলের বিপুলসংখ্যক পতাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হাওড়ার উনসানিতে তৃণমূলের জন্য তৈরি করে রাখা হয়েছে কয়েক লাখ ঘাসফুল প্রতীকের পতাকা। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পতাকা তৈরি করে আসা স্থানীয় ব্যবসায়ীরা এখন এসব পতাকার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

উনসানির বাসিন্দা রাজু হালদারের পরিবার বহু বছর ধরে পতাকা তৈরির সঙ্গে যুক্ত। সারা বছর রাজনৈতিক দলের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় বিভিন্ন ধরনের পতাকাও তৈরি করেন তারা। পশ্চিমবঙ্গের বাইরেও তাদের তৈরি পতাকা সরবরাহ করা হয়।

রাজু হালদার জানান, তৃণমূল কংগ্রেসের জন্য কয়েক লাখ ঘাসফুল প্রতীকের পতাকা তৈরি করে আগেই মজুত রাখা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর এসব পতাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঘাসফুল প্রতীক নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর তাদের ব্যবসায়িক ক্ষতির পরিমাণ অনেকটাই নির্ভর করছে বলে জানান তিনি।

আসন্ন উপনির্বাচনের জন্য তৃণমূলের দুই গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক দেওয়ায় পুরোনো প্রতীকের পতাকাগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এ অবস্থায় নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন উনসানির পতাকা প্রস্তুতকারীরা।