logo

ইরানের ৩০ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানের ৩০ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দক্ষিণ তেহরানে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হোসেন সিমাই সারাফ।

গত শুক্রবার (৩ এপ্রিল) ইরানের শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের লেজার ও প্লাজমা গবেষণা কেন্দ্রে বিমান হামলা হয়। বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনকালে ইরানের প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অংশ মার্কিন ও ইসরায়েলি হামলার শিকার হয়েছে।’

ইরানি বিজ্ঞানীদের ওপর দীর্ঘ কয়েক দশক ধরে টার্গেট করে হামলা চালানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চলমান ১২ দিনের যুদ্ধে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন অধ্যাপককে ইসরায়েল হত্যা করেছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রে হামলা চালানোর অর্থ হলো ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা।’

উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পদ্ধতিগত হামলার মাধ্যমে দেশটিকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

ইরানি কর্তৃপক্ষের মতে, শিক্ষা ও গবেষণা খাতে এই ধরনের আক্রমণ কেবল সামরিক সংঘাত নয়, বরং একটি জাতির জ্ঞানতাত্ত্বিক ভিত্তি ধ্বংস করার অপচেষ্টা।