যুক্তরাষ্ট্রের ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে যাচ্ছে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ ‘থাড’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক সংকটের মুখে পড়েছে। মার্কিন কংগ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানা গেছে।
শুক্রবার (২৭ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে কংগ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মোট আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের এক-তৃতীয়াংশ শেষ হয়ে গেছে।
শুধু গোলাবারুদই নয়, ইরানের হামলায় বেশ কয়েকটি অত্যাধুনিক থাড (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
পেন্টাগনের জন্য উদ্বেগের বিষয় হলো, এই রাডারগুলো পুনরায় তৈরি বা প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লাগে, যা বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রায় অসম্ভব। এর ফলে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে কার্যত ঢালহীন ও অরক্ষিত হয়ে পড়েছে।
গোয়েন্দা তথ্যানুযায়ী, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে অকেজো করার পর ইরান এখন তাদের কৌশলে পরিবর্তন এনেছে। তেহরান এখন সরাসরি ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রাডার তৈরির স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় ইসরায়েলের ভেতরে থাকা সামরিক উৎপাদন লাইনগুলো এখন অস্তিত্ব সংকটে। ইরান যদি এই কারখানাগুলো ধ্বংস করতে সক্ষম হয়, তবে দীর্ঘমেয়াদি যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। ওয়াশিংটন এবং তেল আবিব এখন এই অভাবনীয় সামরিক শূন্যতা কীভাবে পূরণ করবে, তা নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে ইরান, লেবানন ও গাজায় সম্মুখসারিতে যুদ্ধ চালাতে গিয়ে চরম জনবল সংকটে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খোদ ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ‘সেনাবাহিনী ভেঙে পড়ার’ শঙ্কা প্রকাশ করেছেন। একইসঙ্গে বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডও দেশটিতে একটি বড় ধরনের ‘নিরাপত্তা বিপর্যয়ের’ আশঙ্কার কথা জানিয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) এক টেলিভিশন ভাষণে ইয়ার ল্যাপিড কড়া ভাষায় নেতানিয়াহু সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, আইডিএফ তাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে। সরকার সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে রাখছে।
বুধবার (২৫ মার্চ) নিরাপত্তা ক্যাবিনেটে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের দেওয়া সতর্কবার্তার পর তার এই মন্তব্য এসেছে।
ল্যাপিড আরও বলেন, সরকার কোনো কৌশল ছাড়াই, প্রয়োজনীয় উপায় ছাড়া এবং অতি সামান্য সৈন্য নিয়ে সেনাবাহিনীকে একটি বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। তিনি নিরাপত্তা ক্যাবিনেটকে জানিয়েছেন, আইডিএফ এখন ভেঙে পড়ার দ্বারপ্রান্তে।