ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভায় এই শ্রদ্ধা জানানো হবে।
রাজ্যসভার আজকের কার্যসূচিতে দেখা যায়, অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে। অন্য দুজন হলেন— রাজ্যসভার সাবেক সদস্য এল গণেশন এবং সুরেশ কলমাদি।
কার্যসূচি অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতির ভাষণের আধা ঘণ্টা পর সম্প্রতি প্রয়াতদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করবেন।
গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পরপরই এক এক্স পোস্টে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) তারেক রহমানকে আনুষ্ঠানিক একটি পত্রও দেন তিনি।
এর ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোকবার্তা বিএনপি নেতৃত্বের হাতে তুলে দেন।
পরদিন ১ জানুয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকজ্ঞাপন করেন। শোকবইয়ে তিনি লেখেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।