logo

যুক্তরাষ্ট্রের হয়ে ইরানে সৈন্য পাঠাবে না যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের হয়ে ইরানে সৈন্য পাঠাবে না যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের হয়ে ইরানে কোনো সৈন্য মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট করে জানিয়েছেন যে, তারা এই সংঘাতে সরাসরি সম্পৃক্ত হওয়া থেকে দূরে থাকবেন। তিনি বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, আমরা এতে জড়াব না।

সোমবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

যুক্তরাজ্য তিনটি বিষয়ে ফোকাস করছে উল্লেখ করে স্টারমার বলেন, ব্রিটিশদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই এই অঞ্চলে আমাদের মিত্রদের রক্ষা করার জন্য যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সাহায্য করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি না।

তবে হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে যুক্ত ইরানি স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ তীব্র করার ইঙ্গিত দেওয়ার পরই এমন সিদ্ধান্ত জানালেন কিয়ার স্টারমার। ট্রাম্প ইরানের রপ্তানি ও জ্বালানি অবকাঠামো সম্পূর্ণ নিশ্চিন্ন করতে সামরিক অভিযানের কথা ভাবছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বারবার উঠে আসছে।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন স্থল অভিযানের জন্য ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, শনিবার ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজে করে হাজার হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

ডাউনিং স্ট্রিট সোমবার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে যুক্তরাজ্য ‘সব পক্ষের’ সঙ্গে আলোচনা করছে। যদিও ওয়াশিংটনের এই অভিযান নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, ইরান যুদ্ধের ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে যে প্রভাব পড়ছে, তা নিয়ে আলোচনা করতে আজ সোমবার জ্বালানি, জাহাজ ও আর্থিক সেবা খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে স্টারমারের। বিবিসি জানিয়েছে, বৈঠকে আলোচনার মূল বিষয় থাকবে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধে বিশ্ববাণিজ্যে এর প্রভাব।

স্টারমারের কার্যালয় জানিয়েছে, বৈঠকের মূল লক্ষ্য হলো ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা এবং এ পরিস্থিতিতে সরকার ও বেসরকারি খাত কীভাবে একযোগে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করা। বৈঠকে ব্যবসায়ী নেতারা যুক্তরাজ্যের মেরিটাইম অপারেশনস কমান্ডার মেজর জেনারেল রিচার্ড কানট্রিলের কাছ থেকে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতির ওপর ব্রিফিং শুনবেন।