মিয়ানমার সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রস্তুত চীন

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী টিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই।
শুক্রবার (৫ জুন) বেইজিংয়ে দুই কূটনৈতিকের বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বৈঠকে ওয়াং ই বলেন, মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদার, রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতা গভীর করতে চীন প্রস্তুত। এর মাধ্যমে চীন-মিয়ানমার অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন সম্প্রদায় গঠনে বাস্তব ফল অর্জন এবং মিয়ানমারের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।
তিনি বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে, মিয়ানমারের জনগণের স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করে এবং দেশটির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণের প্রচেষ্টাকে সমর্থন করে।
ওয়াং ই আরও বলেন, অনলাইন জুয়া, টেলিযোগাযোগভিত্তিক প্রতারণাসহ সীমান্তপারের বিভিন্ন অপরাধ দমনে চীন মিয়ানমারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
জবাবে টিন মং সোয়ে বলেন, মিয়ানমার দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং চীনের প্রস্তাবিত চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগকে পূর্ণ সমর্থন জানায়।
তিনি জানান, মিয়ানমারের নতুন সরকার চীনের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়াতে, মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর নির্মাণ এগিয়ে নিতে এবং আরও বেশি চীনা বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানকে মিয়ানমারে ব্যবসা ও বিনিয়োগের জন্য স্বাগত জানাতে আগ্রহী।
টিন মং সোয়ে বলেন, জাতিসংঘ, আসিয়ান এবং লানছাং-মেখং সহযোগিতা কাঠামোসহ বিভিন্ন বহুপক্ষীয় প্লাটফর্মে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা করছে মিয়ানমার।
তথ্য: সিসিটিভি


