যুক্তরাজ্যের পর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল আরেক দেশ

শিশুদের সুরক্ষার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে ক্ষেত্রে এবার নতুন নিয়ম জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিশুদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে।
সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৫ বছর। অর্থাৎ ১৫ বছরের কম বয়সী শিশুরা চাইলেই আর ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবে না বলে নিয়ম জারি করা হয়েছে।
ইন্দোনেশিয়া, যুক্তরাজ্যের পর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কঠোর এই সিদ্ধান্তের পথে হাঁটল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদন অনুসারে, নতুন এই নিয়মটি হুট করেই সবার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। ফেসবুক, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যেন তাদের অ্যাপে এই নতুন নিয়মটি প্রযুক্তিগত ও কাঠামোগতভাবে চালু করতে পারে, সেজন্য দেশটির সরকার তাদের সর্বোচ্চ ১২ মাস বা ১ বছর সময় দিয়েছে।
আগামী এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে নতুন নিয়মটি পুরোপুরি কার্যকর করবে বলে জানিয়েছে আমিরাত সরকার। প্রস্তাবনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করা নিষিদ্ধ এবং তাদের এর পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
এর আগে ১৫ জুন যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সিদের জন্য সব ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়। দেশটির সরকার ঘোষণা দেয় যে, আগামী বছরের শুরু থেকে এই নিয়ম কার্যকর করা হবে।
এ ছাড়াও অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ইতোমধ্যে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। এই তালিকায় যুক্ত হওয়ার পথে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডাও।
