হামাসের নতুন প্রধান নেতা হলেন খলিল আল-হাইয়া

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন প্রধান নেতা হিসেবে মনোনীত হয়েছেন খলিল আল-হাইয়া।
সোমবার (২০ জুলাই) হামাসের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
এর মাধ্যমে খলিল আল-হাইয়া হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন। ২০২৪ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘ দুই বছরব্যাপী পূর্ণ মাত্রার যুদ্ধ চলাকালে সম্মুখ সমরে নিহত হন সিনওয়ার।
তারও আগে ২০২৪ সালের জুলাই মাসে ইরানে নিহত হন হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ। এই দুই প্রভাবশালী নেতার মৃত্যুর পর থেকে হামাসের নেতৃত্বে খলিল আল-হাইয়া ক্রমশ একটি প্রধান ও কেন্দ্রীয় চরিত্রে পরিণত হন।
বর্তমানে নির্বাসিত এই নেতা হামাসের গাজাবিষয়ক প্রধান এবং যুদ্ধবিরতি আলোচনার শীর্ষ আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, এর আগে ২০২৫ সালে কাতারের দোহায় হামাসের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছিল, তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন এই খলিল আল-হাইয়া।
.png)






