logo

ইরানের গ্যাসক্ষেত্রে হামলা ইসরায়েল একাই চালিয়েছে : নেতানিয়াহু

ইরানের গ্যাসক্ষেত্রে হামলা ইসরায়েল একাই চালিয়েছে : নেতানিয়াহু

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান,  ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা এককভাবেই চালিয়েছিল ইসরায়েল। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ জানিয়েছেন এবং ইসরায়েল তা মেনে চলছে।

এর আগে এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নাকচ করে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে হামলার বিষয়ে ওয়াশিংটনের কোনো পূর্বধারণা ছিল না। খবর দ্য গার্ডিয়ান

পাশাপাশি তিনি জানান, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালাতে তিনি নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন।

তবে ইসরায়েলের পক্ষ থেকে পূর্বে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই হামলাটি চালানো হয়েছে। এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকেই অবগত ছিল, যা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

ওভাল অফিসে এ প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্প নির্দিষ্ট করে জানাননি, ঠিক কখন তিনি নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক আলোচনা ভেঙে যাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। এর মধ্যে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধ্যতামূলক সীমাবদ্ধতা আরোপ করে।