logo

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা তেহরানের

আলজাজিরা
আলজাজিরা
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা তেহরানের
বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে একটি ইরানি সামরিক জাহাজ ও একটি ছোট স্পিডবোট টহল দিচ্ছে। ছবি: আল আরাবিয়া

হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখার অবস্থান স্পষ্ট করেছে ইরান। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা তেহরানের নেই, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপে এমন বার্তাই উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে চারটি সুপারট্যাংকারকে ঘিরে পৃথক চারটি ঘটনার বিবরণ প্রকাশ করেছে আইআরজিসি নৌবাহিনী।

ইরানি বাহিনীর দাবি, দিনের শেষভাগে দুটি সুপারট্যাংকার প্রণালির এমন একটি অংশ দিয়ে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পথে চলাচলের অনুমতি দেয়নি ইরান। ট্যাংকার দুটিতে পৃথকভাবে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল।

এর আগে দিনের প্রথম ভাগেও একই ধরনের ঘটনায় আরও দুটি ট্যাংকার জড়িত ছিল বলে জানিয়েছে আইআরজিসি। এর মধ্যে একটি ট্যাংকার ইরানের অনুমোদনহীন দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের সময় মাইনের আঘাতে পড়ে বলে দাবি করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে সব জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে আগেই আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানিয়েছে ইরান। বিশেষ করে প্রণালির নৌ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

তেহরানের এই অবস্থানকে যুক্তরাষ্ট্রের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর মাধ্যমে ইরান বোঝাতে চাইছে, মার্কিন চাপ ও হুঁশিয়ারি সত্ত্বেও হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ ও প্রভাব অক্ষুণ্ন রয়েছে।

একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং সেখানে আইআরজিসি নৌবাহিনীর কোনো উল্লেখযোগ্য উপস্থিতি নেই, যুক্তরাষ্ট্রের এমন দাবিকেও চ্যালেঞ্জ করছে ইরান।

সব মিলিয়ে, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জ্বালানি পরিবহনপথের নৌ চলাচল নিয়ন্ত্রণে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে তেহরান। ইরানের অবস্থান, হরমুজ প্রণালির পরিস্থিতি ওয়াশিংটনের বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; বরং জলপথটির ওপর নিজেদের প্রভাব বজায় রাখার সক্ষমতা এখনো তাদের রয়েছে।