Advertisement

পেরুতে জোড়া ভূমিকম্প, হতাহত ২৭

এশিয়া পোস্ট ডেস্ক
পেরুতে জোড়া ভূমিকম্প, হতাহত ২৭
মধ্য পেরুতে আঘাত হানা ৫.৬ মাত্রার ভূমিকম্পে নিহতদের মরদেহের পাশে স্বজনরা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর পার্বত্য অঞ্চলে আঘাত হানা দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। ধসে পড়েছে প্রায় অর্ধশত কাঁচা বাড়ি। স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) দেশটির জাতীয় বেসামরিক প্রতিরক্ষা প্রধান লুইস ভাসকেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

পেরুর জাতীয় ভূকম্পন কেন্দ্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্ট অনুযায়ী, শনিবার রাতে দেশটির রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পূর্বে জুনিন অঞ্চলের চুপাকা প্রদেশে ৫.১ এবং ৩.৭ মাত্রার ভূমিকম্প দুটি আঘাত হানে।

প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২৪ কিলোমিটার এবং দ্বিতীয়টি ১৮ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল ছিল। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এর আগে জানিয়েছিল, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউটের প্রধান লুইস ভাসকেজ স্থানীয় রেডিও স্টেশন ‘এক্সিতোসা’-কে বলেছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী চুপাকা প্রদেশের অন্তত ৪৮টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ১৮টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এতে ওই অঞ্চলের প্রায় ৩০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের জরুরি ভিত্তিতে থাকার জন্য তাঁবু সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িঘরগুলো মূলত কাঁচা ইটের গাঁথুনি দিয়ে তৈরি সাধারণ ও দুর্বল কাঠামো হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

ভাস্কেজ আরও জানান, ধ্বংসাবশেষের নিচে আরও কোনো হতাহত ব্যক্তি আটকা পড়ে থাকতে পারেন—এমন আশঙ্কায় জরুরি উদ্ধারকর্মী ও দমকলকর্মীরা রবিবার ভোরেই দুর্গম ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

উল্লেখ্য, পেরু ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘আগ্নেয় বলয়’ (রিং অব ফায়ার)-এর ওপর অবস্থিত। ভূত্বকের এই বিশেষ কাঠামোগত অবস্থানের কারণে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্প ও আগ্নেয়গিরির তৎপরতা এই অঞ্চলেই ঘটে থাকে।

সূত্র: রয়টার্স