Advertisement

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা, অত্যাধুনিক যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা, অত্যাধুনিক যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫। ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এই হামলায় ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এ ছাড়া আরও তিনটি বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আইআরজিসির প্রকাশিত বিবৃতি অনুযায়ী, জর্ডানকে উদ্দেশ করে তারা জানায়, ইরানের কেশম দ্বীপে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এক নিরীহ দম্পতি ও তাদের শিশুসন্তান নিহত হওয়ার ঘটনার সরাসরি প্রতিশোধ হিসেবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিমানবাহিনীর সদস্যরা জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটির একটি রানওয়ে র‍্যাম্প ও প্রাথমিক বিমান রক্ষণাবেক্ষণ শেড লক্ষ্য করে একাধিক ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের বহু মূল্যবান এফ-৩৫ যুদ্ধবিমানগুলো রাখা হয়েছিল।

ইরানি সামরিক বাহিনীর দাবি, সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিটির তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, এই হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, বিমান কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত ও আহত হয়েছেন। গভীর রাতে ঘুমের মধ্যে নিরপরাধ বেসামরিক পরিবারগুলোকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করে, সেই শিশু-হত্যাকারী বাহিনীর জন্য এই মধ্যপ্রাচ্য কোনো নিরাপদ স্থান হতে পারে না।

বিবৃতিতে তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, পবিত্র ইসলামি ভূখণ্ড থেকে শেষ মার্কিন দখলদার সেনা ও সামরিক সরঞ্জাম বিতাড়িত না করা পর্যন্ত জর্ডানসহ পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে তাদের এই সশস্ত্র সংগ্রাম অব্যাহত থাকবে।