ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব

ইরান ইউরোপের জন্য হুমকি হয়ে উঠছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। বৃহস্পতিবার (৫ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।
এ বিষয়ে মার্ক রুট বলেন, ইরান ইউরোপের জন্য এক প্রকার হুমকি হয়ে উঠছে। এছাড়া তিনি তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করার জন্য ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
রয়টার্সকে ন্যাটোর মহাসচিব বলেন, ইরান যেন আর নতুন করে কোনো হুমকি তৈরি করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
অপরদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে যুক্তি দিতে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যদি দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলা না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।
হোয়াইট হাউসে যুদ্ধ সংক্রান্ত নয়— এমন একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি ইরানের পারমাণবিক বোমা বানানোর বিষয়ে নিশ্চিত হতে পারেনি। তাদের এ বোমা বানানোর বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই। তবে ইরানের কাছে ইউরেনিয়ামের বড় মজুত আছে।