হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনের আঘাতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে প্রণালির আকাশে একটি শত্রু গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ইরানের সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতেও ড্রোন ভূপাতিতের খবর প্রচার করা হয়েছে।
ইরানের নৌবাহিনীর দাবি, তিনটি তেলের ট্যাংকার নিজেদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির পূর্ব পাশে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এ সময় একটি ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়।
তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ এবং এতে কতজন নাবিক ছিলেন, তা প্রকাশ করেনি ইরানের নৌবাহিনী। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরের জলসীমার ওপর একটি শত্রু গোয়েন্দা ড্রোন শনাক্ত করার পর দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় সেটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটি কোন দেশের বা সংস্থার ছিল, তা উল্লেখ করেনি তেহরান।
ইরানের নৌবাহিনী আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে জাহাজ চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তবে ট্যাংকারে মাইনের আঘাত ও ড্রোন ভূপাতিতের বিষয়ে ইরানের সামরিক বাহিনীর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



