logo

যুক্তরাষ্ট্রে এক দশকে শিখদের প্রতি বিদ্বেষ বেড়েছে ৩৭০০ শতাংশ

যুক্তরাষ্ট্রে এক দশকে শিখদের প্রতি বিদ্বেষ বেড়েছে ৩৭০০ শতাংশ

এক দশকে যুক্তরাষ্ট্রে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ বা ‘হেট ক্রাইম’ ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত দশ বছরে শিখদের ওপর হামলার হার বেড়েছে প্রায় ৩ হাজার ৭০০ শতাংশ। দ্য সিএসআর জার্নালের এক প্রতিবেদনে শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য উঠে আসে।

এফবিআই বলছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে শিখদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছিল ৬টি। কিন্তু ২০২৫ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২৮টিতে। যদিও ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে সামগ্রিক অপরাধের হার ১১ শতাংশ কমেছে, কিন্তু দীর্ঘমেয়াদি হিসেবে গত ১০ বছরে মোট অপরাধ বেড়েছে প্রায় ৮৮ শতাংশ।

গবেষকদের মতে, ভুল তথ্য এবং সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে হেট ক্রাইমের লক্ষ্যবস্তু করা হচ্ছে। গত এক দশকে ট্রান্সজেন্ডারবিদ্বেষী মনোভাব বেড়েছে ৩৯৫ শতাংশ। এই সময়ে দেশটিতে ল্যাটিনো বিদ্বেষ বেড়েছে ২৩৯ শতাংশ, এশিয়ান বিদ্বেষ বেড়েছে ১৯৫ শতাংশ, ইহুদি বিদ্বেষ বেড়েছে ১২৩ শতাংশ, কৃষ্ণাঙ্গ বিদ্বেষ বেড়েছে ৬৬ শতাংশ, শ্বেতাঙ্গ বিদ্বেষ বেড়েছে ৫১ শতাংশ এবং সমকামী পুরুষদের প্রতি বিদ্বেষ বেড়েছে ২৭ শতাংশ।

অপরাধ গবেষক ব্রায়ান লেভিন জানান, যখন কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে ঘিরে সমাজে ভয় বা নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়া হয়, তখনই সেই গোষ্ঠীর ওপর হামলার ঘটনা দ্রুত বেড়ে যায়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সামগ্রিক অপরাধের সংখ্যা এক বছরের হিসাবে কিছুটা কমলেও নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের জন্য যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই তথ্যগুলো প্রমাণ করে যে, ধর্মীয় ও জাতিগত পরিচয়ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে এখনও বড় ধরনের ঘাটতি রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় বিদ্বেষমূলক অপরাধ শনাক্ত করার ব্যবস্থা আরও উন্নত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার দাবি তুলেছেন অধিকার কর্মীরা।