logo

মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে রাশিয়া, আরাঘচিকে পুতিন

মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে রাশিয়া, আরাঘচিকে পুতিন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো ‘যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে’।

সোমবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি। ত্রিদেশীয় সফরের মধ্যে ওমান, পাকিস্তান সফর শেষে বর্তমানে রাশিয়া সফর করছেন আরাঘচি।

রুশ সংবাদ সংস্থা তাসের তথ্যমতে, পুতিন আরাঘচিকে বলেছেন যে, ইরানের জনগণ সাহসিকতার সঙ্গে তাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করছে। তিনি আরও বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি যে, এই সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষার ওপর ভর করে ইরানের জনগণ একজন নতুন নেতার নেতৃত্বে এই কঠিন পরীক্ষার সময়টি পার করবে এবং শান্তি আসবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের পক্ষ থেকে, যত দ্রুত সম্ভব এই শান্তি অর্জনের জন্য আপনাদের স্বার্থ ও এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে যা কিছু করা প্রয়োজন, আমরা তার সবই করব। আপনারা আমাদের অবস্থান ভালোভাবেই জানেন।

আরাঘচি তেহরানকে সমর্থন দেওয়ার জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এই সম্পর্ক আরও জোরদার হবে। এই কূটনীতিক আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

তিনি ব্যাখ্যা করেন, সমগ্র বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে মার্কিন হামলা ও আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এই কঠিন সময়ও তারা টিকে থাকতে ও উত্তরণ ঘটাতে পারবে।

আরাঘচি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সমর্থনে আপনাদের দৃঢ় ও অবিচল অবস্থানের জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই।