মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান, দাবি ওয়াশিংটন পোস্টের

ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করেছে।
রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর স্টারলিংক সেবার দুটি অননুমোদিত ব্যবহারের ঘটনা জানতে পারেন ইলন মাস্ক। স্পেসএক্সের একটি দল অনুসন্ধান করে ধারণা করে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় ইরান এ সেবা ব্যবহার করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও ‘স্টারশিল্ড’ ব্যবহার করে লুকাস (LUCAS) নামের একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করেছে বলে মাস্ককে জানানো হয়। তবে অভিযোগ রয়েছে, এ কাজে আকাশপথে ড্রোন পরিচালনার জন্য নির্ধারিত ব্যয়বহুল প্যাকেজের পরিবর্তে স্থলভিত্তিক অভিযানের তুলনামূলক সস্তা প্যাকেজ ব্যবহার করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যে দ্রুতগতির উড়োজাহাজের জন্য স্টারলিংক ব্যবহারে নতুন পরিচয় যাচাইয়ের শর্ত আরোপ করে স্পেসএক্স।
এর আগে জানুয়ারিতে ইউক্রেনের অনুরোধে রাশিয়ার সামরিক ড্রোনে স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ঠেকাতে পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, ইতালমাস নামের একটি রুশ ড্রোনে স্টারলিংক টার্মিনাল যুক্ত ছিল। পরে ইউক্রেনে অনুমোদিত টার্মিনালের তালিকা বা ‘হোয়াইটলিস্ট’ তৈরি এবং অননুমোদিত সংযোগ সীমিত করার উদ্যোগ নেয় স্পেসএক্স।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সামরিক বাহিনী প্রচলিত যোগাযোগব্যবস্থা দুর্বল হয়ে পড়ার পর কমান্ড ও নিয়ন্ত্রণ কার্যক্রম এবং ড্রোন পরিচালনায় স্টারলিংক ব্যবহার করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে পাঠানো একটি গোপন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
তবে পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন জানান, এ বিষয়ে সেন্ট্রাল কমান্ডের কোনো প্রতিবেদন প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে তাদের জানা নেই।
এদিকে, স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ঠেকাতে গত এক বছরে বিক্রয় ও নিবন্ধন প্রক্রিয়ায় কঠোরতা বাড়িয়েছে স্পেসএক্স। গ্রাহকের পরিচয় যাচাই এবং টার্মিনালের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্টারলিংক নিয়ে স্পেসএক্স এখন জটিল পরিস্থিতির মুখে। ইরানে সেবা বন্ধ করলে সরকারবিরোধী আন্দোলনকারী ও সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ হারাতে পারেন। আবার সেবা চালু রাখলে ইরানের সামরিক বাহিনীও এর সুবিধা নিতে পারে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ ফেলো স্টিভেন ফেল্ডস্টেইনের মতে, এ বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের নিয়ন্ত্রণ—যা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে, নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে, সেই প্রশ্ন।
স্টারলিংকের অননুমোদিত ব্যবহার, স্টারশিল্ডের সামরিক প্রয়োগ এবং সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে স্পেসএক্স ও ইলন মাস্কের কাছে মন্তব্য চেয়েছিল ওয়াশিংটন পোস্ট। তবে প্রতিবেদন প্রকাশের সময় তারা কোনো জবাব দেয়নি।


