সৈকতে বাংলাদেশি বংশোদ্ভূত মা-মেয়ের মৃত্যু, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শোক

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এক শিশুকে (৭) বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষিকা ও তার মেয়ে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। তাদের মধ্যে এক শিশু বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২৫ জুলাই) নিহতদের নামাজে জানাজা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সির সিভিউ অ্যাভিনিউ সংলগ্ন সৈকতে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সেলিনা রহমান (৪২) এবং তার মেয়ে সামিহা রহমান (১৫)। দুজনেই পূর্ব লন্ডনের বাসিন্দা।
নিহত সেলিনা রহমান পেশায় শিক্ষিকা। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের মেয়ে এবং যুক্তরাজ্য যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী। মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান বলে জানা গেছে।
মুজিবুর ও মনসুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, তাদের পরিবারের প্রায় ১০ সদস্য গ্রীষ্মকালীন ছুটিতে একদিনের ভ্রমণে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের ভাষ্য অনুযায়ী, সৈকতের একটি বালুচরে (স্যান্ডব্যাংক) খেলাধুলার সময় দ্রুত জোয়ার আসতে শুরু করে। প্রবল জোয়ারে পায়ের নিচের বালু সরে গেলে কয়েকজন পানিতে পড়ে যান। এ সময় পরিবারের সাত বছর বয়সী এক শিশু স্রোতের মধ্যে আটকা পড়ে।
তাকে উদ্ধার করতে প্রথমে পরিবারের কয়েকজন সদস্য এগিয়ে যান। পরে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে পানিতে নামেন শেলিনা রহমান ও তার মেয়ে সামিহা রহমান। কিন্তু প্রবল স্রোত ও দ্রুত বাড়তে থাকা জোয়ারে তারা নিজেরাই পানিতে তলিয়ে যান। পুলিশের ধারণা, শিশুটিকে উদ্ধার করার চেষ্টাই মা ও মেয়ের মৃত্যুর প্রধান কারণ।
এসেক্স পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আল পিচার বলেন, ‘মা ও মেয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিশ্বাস করি, তারা সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। ঘটনাটির সঙ্গে জড়িত সবাই একই পরিবারের সদস্য। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে আমরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছি।’
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত কারও কাছে ছবি বা ভিডিও থাকলে তা তদন্তের স্বার্থে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
শোকাহত বিএনপি নেতা মুজিবুর রহমান এশিয়া পোস্টকে তার মেয়ে ও নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ছোট মেয়ের সাত বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তার ৪০ বছর বয়সী মেয়ে এবং ১৫ বছর বয়সী নাতনি প্রাণ হারায়। শিশুটি বর্তমানে রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, গ্রীষ্মকালে খোলা জলাশয় ও সমুদ্রে সাঁতার কাটার ঝুঁকি সম্পর্কে সবাইকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে তিনি উদ্ধারকাজে অংশ নেওয়া জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান।
যদিও স্থানীয় এমপি বার্নার্ড জেনকিন বলেছেন, ওয়েস্ট মার্সিকে সাধারণত বিপজ্জনক সৈকত হিসেবে ধরা হয় না, তবে এ এলাকায় প্রবল স্রোত ও দ্রুত জোয়ারের বিষয়টি দীর্ঘদিন ধরেই পরিচিত।
ন্যাশনাল ওয়াটার সেফটি ফোরামের তথ্য অনুযায়ী, গত মে মাসের মাঝামাঝি থেকে যুক্তরাজ্যে খোলা জলাশয়ে অন্তত ২৯ জনের দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে।
.png)






