logo

ইরানের সঙ্গে কমপক্ষে এক মাসের যুদ্ধ প্রস্তুতি ইসরায়েলের

ইরানের সঙ্গে কমপক্ষে এক মাসের যুদ্ধ প্রস্তুতি ইসরায়েলের

ইসরায়েলি সেনারা এমন একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যাতে করে ইরান ও তার প্রক্সিদের বিরুদ্ধে কমপক্ষে এক মাস ধরে যুদ্ধ করতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল স্টাফের একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৯ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, আসন্ন সময়ে আরও সংঘাতের শঙ্কা আছে। এ কারণে ইসরায়েলি সামরিক নেতৃত্ব বিভিন্ন যুদ্ধ বিষয়ক প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করেছে।

তিনি বলেন, এসব সামরিক প্রস্তুতির মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা। একইসঙ্গে বর্তমান যুদ্ধ অব্যাহত থাকলে বা অতিরিক্ত ফ্রন্টে সম্প্রসারিত হলে বর্ধিত সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া।

ইসরায়েলের এ সেনা কর্মকর্তা এমন সময়ে এসব কথা জানিয়েছেন, যখন সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চল একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে একাধিক ফ্রন্টে অব্যাহত হামলা-পাল্টা হামলা হচ্ছে। এর ফলে এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। 

পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর মানে মধ্যপ্রাচ্য অঞ্চলে কয়েক সপ্তাহ বা তার বেশি সময় ধরে যুদ্ধ চলতে পারে।