logo

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সোমবার বৈঠকে বসছে চার দেশ

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সোমবার বৈঠকে বসছে চার দেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সমাধানে আগামী সপ্তাহে সৌদি আরব, মিশর ও তুরস্কের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।

শনিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ‘আগামী সোমবার আমরা একটি চতুর্পক্ষীয় বৈঠকের আয়োজন করছি।’

তবে দেশগুলোর পক্ষ থেকে ঠিক কোন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন, তা নিশ্চিত করা হয়নি। প্রতিনিধিদলগুলো রোববার রাতের মধ্যেই পাকিস্তানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। তেহরানের সঙ্গে ইসলামাবাদের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে এই ভূমিকা পালন করা পাকিস্তানের জন্য সহজ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে তুলেছেন, তা এই শান্তি প্রক্রিয়ায় বিশেষ মাত্রা যোগ করেছে।