logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবিতে নিহত ১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবিতে নিহত ১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

এতে বলা হয়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন।  নিহত ব্যক্তি এশীয় বংশোদ্ভূত বলে জানানো হয়েছে।

এ হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ উত্তেজনা বৃদ্ধির জবাব দেওয়ার পূর্ণ অধিকার আরব আমিরাতের রয়েছে।

এর আগে, স্থানীয় সময় শনিবার ৯টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দপ্তরের কাছাকাছি এলাকায় আঘাত হানে। তবে, হামলার আগেই খামেনিকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানও। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। কিন্তু শনিবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় কোনো ধরনের সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই সংলাপ শেষ হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।