হরমুজ নিয়ে ইরান–ওমান সমঝোতা শিগগিরই, আশা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়েছে। শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সমঝোতা হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল শুরু হতে পারে।
শুক্রবার রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির দুই পাশে থাকা ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হওয়ার আশা করছে ওয়াশিংটন। এর মাধ্যমে স্বাভাবিকভাবে তেল পরিবহন আবার শুরু হতে পারে।
ওই কর্মকর্তা বলেন, ‘প্রণালি নিয়ে ওমান ও ইরানের মধ্যে অগ্রগতি হয়েছে। আমরা শিগগিরই একটি চুক্তি হওয়ার আশা করছি।’
তিনি আরও বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচল ‘কোনো বাধা ছাড়াই’ পুনরায় শুরু করার বিষয়ে চুক্তি ঘোষণা হলে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া হবে।
তবে ইরান নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না, তার ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
যুদ্ধ শুরুর পর ইরান এই পরিস্থিতির সুযোগ নিয়ে তেলবাহী জাহাজ থেকে কর বা মাশুল আদায় এবং অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজে হামলা চালানোর মতো পদক্ষেপ নিয়েছে।
ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতেও।
গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসন বারবার ইঙ্গিত দিয়েছে যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা খুব কাছাকাছি। তবে প্রতিবারই ইরান জানিয়েছে, এ বিষয়ে কোনো আলোচনা চলছে না। ফলে এবারের আলোচনা দীর্ঘস্থায়ী কোনো সমঝোতায় রূপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
.png)


